হাসান রোবায়েতের কবিতা

মরে গেলে


কোথাও একটা সাইকেল

থেমে যাবে

হঠাৎ বেলের আওয়াজ

দুপুরের আড়া-জঙ্গল পার হয়ে

ঘুমিয়ে পড়বে

আতনা ফুলের মায়ায়

 

খাটিয়ায় শুয়ে শুয়ে মনে হবে

আমাকে ভুলিও না, সোনা

 

যেতে হয় বলেই

মানুষ সাঁকো বানায় নির্জন বিষণ্নতার উপর।

 



কুয়াশা বোঁটাতে বোঁটাতে

চলে যেয়ো

নাড়াকাটা চকে

সেখানে পাকুড় গাছ

জঙ্গলের পেছনে আতনা ফুল শাদা হয়ে পড়ে আছে মাঠে

 

কারা যেন

বিবাহবিলীন হাওয়ায়

চেয়ে আছে খাটিয়ার দিকে

 

গোসল করাইলে

অপরাহ্ণ ছুঁইয়া দেখিয়ো, সোনা

 

মানুষ চলে গেলে

পৃথিবীর সকল রাস্তাই কেমন পরিচিত লাগে

 



সন্ধ্যার বিপুল বাতাস

উড়ে যাবে মাঠের শেষে

 

কলপাড়ে

থালাবাসনের উপর বৃষ্টি ঝরবে বহুকাল

 

যেন কেউ নাই

কেউই ছিল না কোনোদিন—

 

কেন যে যেতে হয়—

তোমার পায়ের রহমটুকু বুকে নিয়ে

যদি হেঁটে যাওয়া যেত

আজীবন

 

মানুষ পুতুল নয়

তা-ও পুতুলের স্থবিরতা ভালোবাসে—

 



সন্ধ্যার নাভিতে লাটিম ঘোরাতে ঘোরাতে

বাড়ি ফিরবে কেউ

তার স্যান্ডেলে গোরের কাদামাটি

নিমের সহজ ফুল

 

মানুষ ভুলে গেলে

মরণও, ছোট এক পাখির উড়ে যাওয়ার মতন।

 



একটা ছোট জীবন

হাঁটু পানির ছায়ায় দাঁড়িয়ে

খালি ভেবে যাওয়া হলো, কবেকার দেখা সেই

শিমলতার নিচে ডুবে যাওয়া সূর্যাস্ত

 

গরুরা বাড়ি ফিরতেছে

পেছনে রক্তাক্ত হয়ে আসতেছে সন্ধ্যা

মাগরিবের নামাজ শেষে যে লোক

মরণের দড়ি নিয়ে

ঝুলে থাকলো সমস্ত জীবন

 

তার মানুষের কাছে দেনা

ছোট মেয়েটার লাল ফ্রক

লটকে আছে আশিনের হাওয়ায়

 

কেউই ফেরার নাই

নিঃসঙ্গ পাতার ফাঁকে খলবল করছে জীবন।

 


কবি পরিচিতি

হাসান রোবায়েত, জন্ম বগুড়ায়, ১৯ আগস্ট।

hrobayet2676@gmail.com

 

প্রকাশিত বই:

ঘুমন্ত মার্কারি ফুলে (২০১৬, চৈতন্য)

মীনগন্ধের তারা (২০১৮, জেব্রাক্রসিং)

আনোখা নদী (২০১৮, তবুও প্রয়াস, কলকাতা)

মাধুডাঙাতীরে (২০২০, ঐতিহ্য)

এমন ঘনঘোর ফ্যাসিবাদে (২০১৮, ঢাকাপ্রকাশ, ২০২১, ঐতিহ্য সংস্করণ)

তারাধূলিপথ (২০২১, ঐতিহ্য)

মোহাম্মাদ (স.) (২০২১, ঐতিহ্য)

রুম্মানা জান্নাত (২০২২, তবুও প্রয়াস, কলকাতা)

মুসলমানের ছেলে (২০২২, ঐতিহ্য)

ব্রিজ পেরোলেই অন্য ঋতুর দেশ (২০২৩, ঐতিহ্য)

কুসুম তার সবটুকু জানে (২০২৩, বৈভব)

মীনগন্ধের তারা (বৈভব সংস্করণ, ২০২৩)

ছায়াকারবালা  (বৈভব, ২০২৪)

শেয়ার

Facebook
WhatsApp
X
Telegram
Threads

আরো পড়ুন

নাদিয়া জান্নাত
সুলাইম মাহমুদ
তাসনুভা তাজিন তুবা
শুভ্র সরকার
দর্শন-ই-সাইবারশাহী
হুসাইন হানিফ
দর্শন-ই-সাইবারশাহী
দর্শন-ই-সাইবারশাহী
মেহেদি হাসান তন্ময়
তাহমিদ রহমান
মাহীন হক
দ্বিতীয় দশকের কবিতা
কাজল শাহনেওয়াজ
অনুপম মণ্ডল
দ্বিতীয় দশকের কবিতা